সেনবাগে সিএনজিতে তুলে শিক্ষিকাকে জিম্মি করে স্বর্ণালংকার ছিনতাই
নোয়াখালীর সেনবাগে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ডোমনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ বেগম এ ছিনতাইয়ের শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে অপেক্ষমাণ একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন শিক্ষিকা মমতাজ বেগম। অটোরিকশাটিতে আগে থেকেই যাত্রীবেশে কয়েকজন ব্যক্তি অবস্থান করছিলেন। সিএনজিটি ৩০০ ফুট নামক এলাকায় পৌঁছালে পেছনে বসা দুই ব্যক্তি তার মুখ চেপে ধরে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তারা শিক্ষিকার গলা, হাত ও কানে থাকা স্বর্ণের গহনা খুলে নেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে তাকে সেবারহাট বাজারের পশ্চিম পাশে একটি নির্জন স্থানে অটোরিকশা থেকে নামিয়ে দিয়ে অভিযুক্তরা দ্রুত চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর এ বিষয়ে সেনবাগ থানায় অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
এদিকে একজন শিক্ষিকার সঙ্গে দিনের বেলায় এ ধরনের ঘটনায় স্থানীয় শিক্ষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষকদের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং শিক্ষকসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ সড়কে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে যাত্রীবাহী সিএনজিতে যাত্রীবেশে অপরাধীদের চলাচল ঠেকাতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।





