খালিয়াজুরীতে ইউএনও কার্যালয়ে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আগুন লেগে কয়েকটি কক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লাগে। এতে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে ইউএনওর কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। এসময় স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। কিভাবে আগুনের সূত্রপাত সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
খালিয়াজুরী থানার ওসি নাসির উদ্দিন বলেন, আগুনের ঘটনায় কোন নাশকতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।








