আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের প্রস্তুতি, ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মিডলটাউনের কাছে আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে প্রায় ৫ টন অস্থিতিশীল লেড অ্যাজাইড নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করার প্রস্তুতি নিয়েছে মার্কিন সেনাবাহিনী। বুধবার (২৫ নভেম্বর) এ বিস্ফোরণ ঘটানোর কথা রয়েছে। এ নিয়ে আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
লেড অ্যাজাইড বোমা তৈরিতে ব্যবহৃত এক ধরনের রাসায়নিক। সেনাবাহিনী জানিয়েছে, ৬৮টি ড্রামে রাখা এই রাসায়নিকের পানি শুকিয়ে স্ফটিক তৈরি হয়েছে, যা ধাক্কা ও ঘর্ষণে আরও স্পর্শকাতর। এটি সরিয়ে নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই নিয়ন্ত্রিত বিস্ফোরণই সবচেয়ে কম ঝুঁকির পথ। ঠান্ডা আবহাওয়ায় রাসায়নিকটি আরও অস্থিতিশীল হয়ে পড়ে বলে শীতের আগেই কাজটি সারতে চায় তারা।
প্রায় ৪০০ বাসিন্দার মিডলটাউনের লোকজনকে এলাকা ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্ফোরণে সেখানে জানালার কাচ ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছে সেনাবাহিনী। আশপাশের এলাকার বাসিন্দাদের জানালা বন্ধ রেখে ঘরে থাকতে বলা হয়েছে। পাশের ইলিনয় অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ বিস্ফোরণের পর ২৪ থেকে ৪৮ ঘণ্টা জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।
ইলিনয়ের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক সামির ভোরা বলেছেন, শরীরে সিসার কোনো নিরাপদ মাত্রা নেই। শিশু, অন্তঃসত্ত্বা নারী ও বয়স্কদের ঝুঁকি সবচেয়ে বেশি। বিস্ফোরণের পর এক থেকে চার ঘণ্টা ধুলিকণা শ্বাসের সঙ্গে ঢোকার ঝুঁকি বেশি থাকবে।
বিস্ফোরণের তারিখ কয়েক দফা পিছিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের সিদ্ধান্তের ওপর বিষয়টি ছেড়ে দেওয়ার কথা বলার পর একটি ফেডারেল আপিল আদালত বিস্ফোরণের অনুমতি দেয়।
সূত্র: ক্যাপিটল নিউজ ইলিনয়, মার্কিন সেনাবাহিনী
ছবি: সংগৃহীত





