এইচএসসিতে শূন্য পাস: ১৫ শতাংশের নিচে পাস করা কলেজ একীভূত করার প্রস্তাব কুমিল্লা বোর্ডের
এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ১৫টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি। এ পরিস্থিতিতে শূন্য থেকে ১৫ শতাংশের নিচে পাসের হার থাকা কলেজগুলোকে ভালো ফল করা প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার প্রস্তাব দিতে যাচ্ছে বোর্ড। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে শূন্য পাস করা ১৫টি প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে জরুরি সভা হয়। সভায় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রতিষ্ঠানগুলোর উচ্চমাধ্যমিক কার্যক্রম বন্ধের পরামর্শও দেওয়া হয়।
বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, “একজন বা দুজন শিক্ষার্থীকে জোর করে ধরে এনে পড়ানো সম্ভব নয়। তাই আমরা এগুলোকে একীভূত করার চিন্তা করছি।” তিনি জানান, কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষক থাকলেও শিক্ষার্থী নেই। কিছু প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীর বিপরীতে চারজন শিক্ষক থাকলেও পাসের হার শূন্য।
সভায় অধ্যক্ষরা শিক্ষকসংকটের কথা তুলে ধরেন। তাঁরা জানান, বেশির ভাগ প্রতিষ্ঠান এমপিওভুক্ত নয় এবং স্কুল অ্যান্ড কলেজ হওয়ায় উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদান চালাতে সমস্যা হচ্ছে। ফল প্রকাশের পর প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীসহ বোর্ডের বিভিন্ন জেলায় অবস্থিত। অন্যদিকে এ বছর কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে চারটি প্রতিষ্ঠান—ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, মুজাফফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ।
ছবি: সংগৃহীত





