পোশাক খাতে অস্থিরতায় সীমান্তের ওপারের অর্থ ব্যবহারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
পোশাক খাতের চলমান অস্থিরতায় সীমান্তের ওপার থেকে অর্থ আসছে এবং তাতে পতিত সরকারের পলাতক নেতাদের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি, তবে দলের নাম বলেননি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের উদ্বেগের জবাবে দেওয়া বক্তব্যে মন্ত্রী জানান, নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শিগগিরই নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। শ্রমিক সংগঠন নিয়ে তাঁর বক্তব্যের সময় সংসদে হইচই হয়, বিরোধী দলের কয়েকজন সদস্য প্রতিবাদ জানান।
মন্ত্রী দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তাঁর দেওয়া হিসাবে, গত বছরের ফেব্রুয়ারি-অক্টোবরে খুনের ঘটনা ছিল ২ হাজার ৯৩৮টি, চলতি বছরের একই সময়ে তা ২ হাজার ৬৫১টিতে নেমেছে।
দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানির নাৎসিদের উদাহরণ টেনে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগও বাংলাদেশে আর রাজনীতিতে ফিরতে পারবে না।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য ডেইলি স্টার
ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম





