যুক্তরাজ্যে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন সেনাসদস্য গ্রেপ্তার
রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবাদ দমন বিভাগ। আল জাজিরা ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) ইংল্যান্ডের গ্লস্টার শহরের কাছ থেকে ৪১ বছর বয়সী ওই মার্কিন সামরিক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁকে লন্ডনের একটি পুলিশ স্টেশনে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় গ্লস্টারশায়ারের দুটি স্থানে তল্লাশিও চালানো হয়েছে।
যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা এবং সুরক্ষিত তথ্য সংগ্রহ ও প্রকাশের সন্দেহে তাঁকে আটক করা হয়েছে। তদন্তে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও মার্কিন সামরিক বাহিনী সহযোগিতা করছে বলে জানিয়েছে পুলিশ।
মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবাদ দমন বিভাগের প্রধান ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিকি ইভান্স একে "গুরুত্বপূর্ণ গ্রেপ্তার" বলে উল্লেখ করেছেন। তিনি জানান, তদন্ত চলমান রয়েছে এবং এ পর্যায়ে বিস্তারিত বলা সম্ভব নয়।
এফবিআই পরিচালক কাশ প্যাটেলও সামাজিক যোগাযোগমাধ্যমে এই গ্রেপ্তারকে "গুরুত্বপূর্ণ" বলে মন্তব্য করেছেন। গ্রেপ্তার ব্যক্তির নাম বা কোন বাহিনীতে তিনি কর্মরত, সে বিষয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সূত্র: আল জাজিরা, সিএনএন
ছবি: উইকিমিডিয়া কমন্স (প্রতীকী)





