কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উপজেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষকদের পেশাগত ঐক্যের পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নৈতিক চরিত্র গঠন ও মূল্যবোধ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ অপু।
প্রধান অতিথির বক্তব্যে শাহনেওয়াজ অপু বলেন, সংগঠনের কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীকেন্দ্রিক বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন, নৈতিক চরিত্র গঠন এবং মানবিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে শিক্ষক-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নোয়াখালী জেলা বিএনপির বর্তমান সদস্য নুরুল আলম সিকদার। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান।
সভায় তিনি শেখ সাদী বাবুকে আহ্বায়ক এবং মাওলানা মিজানুর রহমানকে সদস্য সচিব করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, নোয়াখালী-৫ আসনের সাবেক জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বর্তমান নোয়াখালী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা বেলায়েত হোসেন। তিনি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সংগঠনটির সূচনালগ্নে তারা সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে। তবে শিক্ষক-কর্মচারীদের মূল দায়িত্ব ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাজারী হাট বিএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও নবগঠিত কমিটির আহ্বায়ক শেখ সাদী বাবু। তিনি উপস্থিত শিক্ষক-কর্মচারী ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরে সংগঠনের উত্তরোত্তর সাফল্যের জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান। তিনি বলেন, দল-মত ও পেশাগত অবস্থানের পার্থক্য ভুলে সকল শিক্ষক-কর্মচারীকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষক-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংগঠনটিকে কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য দেন বামনী ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এস এম কামাল উদ্দিন, খলিলুর রহমান ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজিম উদ্দিন ফারুক, একরামুল হক, শেখ ফরিদ আহমেদ, আবদুর রাজ্জাক বিএসসি, সালেহ আহমেদ বিএসসি, নুরুল আলম সিদ্দিকী বিএসসি, আহছান উল্যাহ, নারায়ণ মজুমদার, আজিজ আজমির ও নুর উদ্দিন নুর্মিন।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান। সঞ্চালনা করেন আছিয়া কারমেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদুল্লাহ খোকন।