কুষ্টিয়ায় বালুঘাট নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, গুলিবর্ষণ, আহত ৮
কুষ্টিয়া শহরের জুগিয়া ভাটারমোড়ে বালু ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনায় জামায়াতের আট নেতাকর্মী আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, দুজনের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্র জানায়, জুগিয়া ভাটাপাড়া ঘাটের বালু উত্তোলন নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। অতিরিক্ত বালু তোলায় রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়লে এলাকাবাসী রাস্তাটি বন্ধ করে দেন। এর জেরে বুধবার রাতে দেড় থেকে দুই শতাধিক লোক জামায়াতের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শাজাহান আলীর বাড়ি, কার্যালয় ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে।
জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক অভিযোগ করেন, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি বলেন, তিনি ঢাকায় ছিলেন, কারা হামলা করেছে জানেন না। শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবুর বক্তব্য পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, বালু উত্তোলন ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে তাজা ও ব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ছবি: সংগৃহীত





