যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ আর নেই
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিনি ‘আকস্মিকভাবে’ মারা গেছেন। তবে মৃত্যুর কারণ বা স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিবৃতিতে দারচিয়েভকে একজন ‘অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদয় সহকর্মী’ হিসেবে বর্ণনা করে বলা হয়, তিনি রুশ পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। মন্ত্রণালয় তাঁর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
রুশ-মার্কিন সম্পর্ক বিশেষজ্ঞ দারচিয়েভ ২০২৫ সালের মার্চে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার কিছুদিন পর, ওয়াশিংটনে রাষ্ট্রদূতের দায়িত্ব নেন। তাঁর দায়িত্বকালে দুই দেশের সম্পর্কে কিছুটা উন্নতির লক্ষণ দেখা যায়।
কূটনৈতিক পরিবারে জন্ম নেওয়া দারচিয়েভ ১৯৯২ সালে পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। ওয়াশিংটনের রুশ দূতাবাসে তিনি উপদেষ্টা ও মিনিস্টার-কাউন্সেলরের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের পরিচালক হিসেবেও কাজ করেছেন।
ছবি: সংগৃহীত





