নিখোঁজর দুই দিন পর নাসিরনগরের গুনিয়াউকে ডোবায় মিলল মাদ্রাসা সুপারের মরদেহ
খ ম জায়েদ হোসেন,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের একটি ডোবা থেকে ফরিদুল রহমান (৩৬) নামে নিখোঁজ এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ হওয়ার দুই দিন পর শনিবার ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফরিদুল রহমান(৩৬) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের ছাবির হোসেনের ছেলে। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরিদুল রহমান। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
শনিবার বিকেলে নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের বেলমুড়া এলাকার একটি ডোবায় অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে ফরিদুল রহমানের পরিচয় শনাক্ত করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম বলেন, "দুই দিন আগে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ফরিদুল। শনিবার ডোবা থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।" ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
অন্যদিকে মাধবপুর থানার ওসি মোহাম্মদ সোহেল রানা জানান, মাদ্রাসা সুপার ফরিদুল রহমান নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
এ নিয়ে এলাকায় ব্যাপক ভয়-ভীতি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।