নোয়াখালী'র কোম্পানীগঞ্জে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাতে দুই তরুণ আহত
মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি॥
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দুই তরুণকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত এক তরুণের বাবা কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুলসংলগ্ন এবাদ উল্যাহ সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নুর হোসেন সজিব ও আব্দুল্লাহ আল নোমানসহ কয়েকজন ওই সড়ক দিয়ে যাওয়ার সময় দুই কিশোরকে একটি কিশোরীকে উত্ত্যক্ত করতে দেখেন। তারা এর প্রতিবাদ করলে অভিযুক্ত নোমান ও বাদল ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।
এতে নুর হোসেন সজিবের মাথা, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে এবং আব্দুল্লাহ আল নোমানের পিঠে ছুরিকাঘাতে জখম হয় বলে অভিযোগে বলা হয়েছে। তাদের চিৎকার শুনে আরাফাত ও শাফায়েতুল ইসলাম মেহেরাজ এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলার পর বিষয়টি নিয়ে বাড়াবাড়ি কিংবা আইনগত ব্যবস্থা নেওয়া হলে আরও মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগকারী জানিয়েছেন।
এ ঘটনায় আহত নুর হোসেন সজিবের বাবা আব্দুল মালেক কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের সত্যতা, হামলায় জড়িতদের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।