আদালত প্রাঙ্গণে সাংবাদিক হয়রানির অভিযোগ: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
আদালত প্রাঙ্গণে গত ৫ নভেম্বরের ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার রোববার (৮ নভেম্বর) সকালে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। নোটিশে সাংবাদিক হয়রানির পাশাপাশি জাতীয় সংগীত অবমাননার অভিযোগও আনা হয়েছে।
পরীমনি (শামসুন্নাহার স্মৃতি) ছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে পরীমনিকে ক্ষমা চাইতে বলা হয়েছে।
নোটিশের বিবরণ অনুযায়ী, ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান পরীমনি। ওই দিন সকালে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকেরা ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করলে পরীমনির নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়।
নোটিশে অভিযোগ করা হয়েছে, এ সময় একজন মাল্টিমিডিয়া রিপোর্টারের মুঠোফোন কেড়ে নেন পরীমনি এবং তাঁর নিরাপত্তারক্ষীরা ভিডিও ধারণের ট্রাইপড ভেঙে ফেলেন। ধাক্কাধাক্কিতে কয়েকজন সংবাদকর্মী আহত হন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে ভবিষ্যতে অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি ও নৃত্যসহ শৈল্পিক বা শিক্ষাগত মূল্যহীন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পরীমনিকে অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া সাত দিনের মধ্যে পরীমনিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে পরীমনির বক্তব্য পাওয়া যায়নি।
চিত্রনায়িকা পরীমনি। ফাইল ছবি





