‘আমার দেখা একজন বিনয়ী ও নিরহঙ্কারী মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমান’: জন্মদিনে মুশফিকুল ফজল আনসারী
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে ‘বিনয়ী ও নিরহঙ্কারী মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
স্ট্যাটাসে আনসারী লেখেন, ‘শুভ জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রী! আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ বাঁকে ও জাতির পথচলার এই নবদিগন্তে আন্তরিক শুভেচ্ছা।’ তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রীর সাহস, সততা ও নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে সমগ্র জাতি তাঁর পাশে রয়েছে।
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মহান রাব্বুল আলামিনের অনুগ্রহ কামনা করে তিনি লেখেন, ‘এগিয়ে চলুন দেশ গড়ার অপ্রতিরোধ্য শক্তি নিয়ে, যেমনটা আপনাকেই মানায়।’
স্ট্যাটাসের ‘পুনশ্চ’ অংশে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন আনসারী। তিনি লেখেন, ‘আমার দেখা একজন বিনয়ী ও নিরহঙ্কারী মানুষ, প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই উদার ও সাবলীল স্বভাবের সুযোগ নেয়ার চেষ্টা কেউ কেউ করেন বটে, তবে শেষ পর্যন্ত মানুষ চিনে নিতেও তিনি সক্ষম।’
ব্যক্তিগত আলাপচারিতায় প্রধানমন্ত্রীর যুক্তি ও বিচক্ষণতার পাশাপাশি আন্তরিকতা ও সৌহার্দ্য অনুভব করার কথাও জানান তিনি। আনসারী লেখেন, নানা বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি নিঃসংকোচে শেয়ার করার সুযোগ পেয়েছেন তিনি। তিনি লেখেন, ম্যাডাম খালেদা জিয়ার মতো তারেক রহমানও তাঁর ব্যক্তিগত অর্জনে খুশি হন বলেই তিনি জানেন।
স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি ছবিও শেয়ার করেছেন আনসারী। তিনি জানান, ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলে তারেক রহমান তাঁকে শুভকামনা জানিয়েছিলেন, ছবিগুলো সেই সময়ের।
মুশফিকুল ফজল আনসারী দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা করেছেন। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের আগে তিনি হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং ও জাতিসংঘে সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
ছবি: মুশফিকুল ফজল আনসারীর ফেসবুক থেকে (২০২৪ সালের অক্টোবরে তোলা)





