নবান্নের উৎসবে মাতল চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
গ্রামবাংলার ঐতিহ্য ও কৃষিনির্ভর সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নবান্ন উৎসব ও উপকরণ মেলা-২০২৬’।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দক্ষিণ-পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব ও উপকরণ মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আশরাফ-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নিজাম উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নবান্ন উৎসব ও উপকরণ মেলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, গ্রামীণ জীবন ও কৃষিভিত্তিক সংস্কৃতির নানা উপাদান তুলে ধরা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়।
আয়োজকরা জানান, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন, সৃজনশীলতা বিকাশ এবং বাঙালির চিরায়ত সংস্কৃতির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।
ছবি: প্রতিনিধি





