পেনসিলভেনিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত ঐক্য গড়ার প্রত্যয়
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে *পেনসিলভেনিয়া বাংলাদেশ প্রেস ক্লাব*। সংগঠনটি ইতোমধ্যে পেনসিলভেনিয়া ডিপার্টমেন্ট অব স্টেটে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংগঠনটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন শেখ খোরশান, মো: নাজমুল হাসান বাবু, সুলেমান ইবনে মজিব, মোহাম্মদ আরিফ ও ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় পেনসিলভেনিয়ার বাংলাদেশি সাংবাদিকদের জন্য একটি ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, প্রবাসে সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়। কমিউনিটির সমস্যা, সম্ভাবনা, অর্জন ও অধিকারের কথা তুলে ধরতেও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও পেশাগত সংহতি গড়ে তোলা এখন সময়ের দাবি।
আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কাঠামো, সদস্যপদ, নেতৃত্ব নির্বাচন এবং কার্যক্রম পরিচালনার নীতিমালা নিয়ে মতবিনিময় হয়। বক্তারা ব্যক্তিগত মতপার্থক্য, বিভেদ ও অনৈক্য দূরে রেখে সবার অংশগ্রহণে একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও পেশাজীবী সাংবাদিক সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
উপস্থিত সবাই সভার প্রাথমিক আলোচনাকে ফলপ্রসূ বলে সন্তোষ প্রকাশ করেন। আগামী কয়েক দিনের মধ্যে আবারও বৈঠকে বসে সংগঠনের পরবর্তী কার্যক্রম এবং আহ্বায়ক বা প্রাথমিক কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উদ্যোক্তারা জানান, পেনসিলভেনিয়ায় যাঁরা সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন বা অন্য যেকোনো গণমাধ্যমে লেখালেখি, সংবাদ সংগ্রহ কিংবা সংবাদ পরিবেশনের সঙ্গে যুক্ত, তাঁদের সবাইকে এই সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
তাঁরা বলেন, এই প্রেস ক্লাব কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর সংগঠন নয়। পেনসিলভেনিয়ার বাংলাদেশি সাংবাদিক সমাজের সম্মিলিত পেশাগত প্ল্যাটফর্ম হিসেবে এটিকে গড়ে তোলাই মূল লক্ষ্য।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, পেশাগত দায়বদ্ধতা, নিরপেক্ষতা ও ঐক্যের ভিত্তিতে পেনসিলভেনিয়া বাংলাদেশ প্রেস ক্লাব আগামী দিনে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।





