এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক অ্যাওয়ার্ড আসরে দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ারের রুবি ক্যাটাগরি এবং গ্রাসরুট ফুটবলের সিলভার ক্যাটাগরিতে এ স্বীকৃতি পেয়েছে সংস্থাটি।
ফেডারেশনের সার্বিক কর্মকাণ্ড, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে রুবি ক্যাটাগরির পুরস্কার দেওয়া হয়। গত বছর এ ক্যাটাগরিতে মনোনয়ন পেলেও পুরস্কার পায়নি বাংলাদেশ। এবার একই ক্যাটাগরিতে লাওস ও গুয়ামের সঙ্গে মনোনীত ছিল বাফুফে।
গত বছর এএফসি প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডে গ্রাসরুট ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল বাংলাদেশ। এবার এক ধাপ ওপরে সিলভার ক্যাটাগরিতে গুয়াম ও ভারতের সঙ্গে মনোনীত হয়ে পুরস্কার জিতেছে বাফুফে।
বাফুফের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সাবেক জাতীয় ফুটবলার ও নির্বাহী সদস্য গোলাম গাউস। অসুস্থতার কারণে অনুষ্ঠানে যেতে পারেননি সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।
এ আসরে জাপান, ভারত ও থাইল্যান্ড যথাক্রমে প্লাটিনাম, ডায়মন্ড ও গোল্ড ক্যাটাগরিতে মেম্বার অ্যাসোসিয়েশন পুরস্কার পেয়েছে।





