২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ
২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের সবচেয়ে বড় ধর্মে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত প্রতিষ্ঠানটির বিস্তারিত জনমিতিক প্রক্ষেপণে এ তথ্য উঠে এসেছে।
পিউয়ের তথ্য অনুযায়ী, ইসলাম ও খ্রিষ্টধর্ম—দুই ধর্মের অনুসারীই বাড়ছে, তবে ইসলামের অনুসারী বাড়ছে অনেক দ্রুত। এর প্রধান কারণ ধর্মান্তর নয়, বরং মুসলিম পরিবারগুলোতে তুলনামূলক বেশি সন্তান জন্ম নেওয়া। পিউয়ের জ্যেষ্ঠ জনমিতিবিদ কনরাড হ্যাকেট বলেন, ধর্মান্তর বা ধর্মীয় পরিচয় বদলের প্রভাব জন্মহারের তুলনায় অনেক কম।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে জন্ম ও মৃত্যুর ব্যবধানে মুসলিম জনসংখ্যা প্রায় ১৬০ কোটি বাড়বে বলে প্রক্ষেপণ করা হয়েছে। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা বাড়বে প্রায় ৭৯ কোটি ২০ লাখ।
২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় প্রজনন হার ছিল ৩ দশমিক ১, যেখানে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে তা ২ দশমিক ৫।
প্রতিবেদন অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টান জনসংখ্যা ২১ কোটি ৭০ লাখ থেকে কমে ১৭ কোটি ৪০ লাখে নামতে পারে। অন্যদিকে তখন বিশ্বের খ্রিষ্টানদের ৫৪ শতাংশই সাব-সাহারান আফ্রিকায় বসবাস করবে।
সূত্র: এপি, অ্যাক্সিওস





