এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তাঁর আইনজীবী
বাতিল হওয়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে আবারও উদ্যোগ নিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তাঁর স্বাক্ষর করা একটি প্রত্যয়নপত্রসহ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন তাঁর আইনজীবী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলেস কেসি দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। এতে আগের আবেদনের অগ্রগতি জানতে চাওয়া হয়েছে।
চিঠির সঙ্গে যুক্ত প্রত্যয়নপত্রে শেখ হাসিনা লিখেছেন, তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণকারী এবং বর্তমানে ভারতে বসবাসরত বাংলাদেশের নাগরিক। তিনি তাঁর আইনি প্রতিনিধি ম্যাট্রিক্স চেম্বার্সের স্টিভেন পাওলেস কেসিকে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনারের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জমা দেওয়ার অনুমতি দিয়েছেন। ৯ নভেম্বর ২০২৬ তারিখের ওই প্রত্যয়নপত্রে শেখ হাসিনার স্বাক্ষর রয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে শেখ হাসিনা আইনজীবীর মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছিলেন বলে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। ম্যাট্রিক্স চেম্বার্সের দাবি, প্রথম চিঠিটি হাইকমিশন পেয়েছে বলে তারা সংবাদমাধ্যমের সূত্রে জেনেছে, কিন্তু ১০ দিনেও কোনো জবাব পায়নি। তাই আবার চিঠি পাঠানো হয়েছে।
আগের চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেছিলেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে। তাঁর বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদন দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন; তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন।
নতুন চিঠির বিষয়ে সরকার বা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





