নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি
নিউইয়র্ক সিটি হলে আয়োজিত ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি। দক্ষিণ এশীয় নারীদের অবদান ও শাড়ির সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরতে এ আয়োজন করা হয়।
গত ১৩ নভেম্বর সিটি হলের রোটান্ডায় এ উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন মেয়র জোহরান মামদানি ও কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান। প্রদর্শনীতে শাহানা হানিফের পাশাপাশি মেয়রের মা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং কাউন্সিল মেম্বার কৃষ্ণানের মা ড. ললিতা কৃষ্ণানের শাড়ি রাখা হয়েছে।
প্রদর্শনীটি এর আগে নিউইয়র্ক হিস্টোরিক্যালে প্রদর্শিত হয়েছিল। এতে দেখানো হয়েছে কীভাবে শাড়ি ও শাড়ি পরা নারীরা নিউইয়র্ক সিটিকে নিজেদের ঘর করে তুলেছেন।
অনুষ্ঠানে মেয়র মামদানি বলেন, এ সন্ধ্যা শাড়ির উদযাপন হলেও এটি একই সঙ্গে শহরের পুরো দক্ষিণ এশীয় সম্প্রদায়ের প্রতি স্বীকৃতি।
সিটি কাউন্সিলে নির্বাচিত প্রথম মুসলিম নারী শাহানা হানিফ বলেন, শাড়ি ব্রুকলিনে জন্ম নেওয়া একজন নিউইয়র্কার হিসেবে তাঁর পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাঁর ভাষায়, “শাড়ি পরার কথা না বলে আমি ব্রুকলিন থেকে আসার কথা বলতে পারি না।” অনুষ্ঠানে তিনি নিজের পরা এমব্রয়ডারি করা শাড়ি সাজানোর যত্ন ও নারীদের পারস্পরিক সহযোগিতার কথাও তুলে ধরেন।
সূত্র: নেপইয়র্ক, খবর ডটকম





