ইতিহাসের সবচেয়ে বড় আইপিও: শেয়ারবাজারে অভিষেকেই অ্যানথ্রপিকের শেয়ারদর বাড়ল ১৭ শতাংশ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিউইয়র্কের নাসডাকে লেনদেনের প্রথম দিনেই কোম্পানিটির শেয়ারদর ১৭ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ১৭ ডলারে দিন শেষ করে।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, প্রায় ৯৮ কোটি শেয়ার ছেড়ে কোম্পানিটি প্রায় ৮১ বিলিয়ন ডলার তুলেছে, যা স্পেসএক্সকে ছাড়িয়ে ইতিহাসের সবচেয়ে বড় আইপিও। লেনদেনের এক পর্যায়ে কোম্পানিটির বাজারমূল্য ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, দিনের লেনদেনে কোম্পানিটির মূল্যমান দাঁড়ায় প্রায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।
এআই খাতে বুদবুদ তৈরির আশঙ্কা, প্রযুক্তিটির সামাজিক ঝুঁকি নিয়ে উদ্বেগ এবং আগামী বছর কংগ্রেসে সম্ভাব্য কঠোর নিয়ন্ত্রণের আশঙ্কার মধ্যেই বিনিয়োগকারীদের এমন সাড়া মিলল। প্রতিদ্বন্দ্বী ওপেনএআই তাদের আইপিও আগামী বছর পর্যন্ত পিছিয়েছে।
অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দারিও আমোদেই বলেন, নিরাপত্তার প্রশ্নে সঠিক সিদ্ধান্ত নিয়েও যে একটি সফল কোম্পানি গড়ে তোলা যায়, তা দেখাতে পারলে খাতের অন্যরাও একই পথে অনুপ্রাণিত হবে।
সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দারিও আমোদেই ও প্রেসিডেন্ট দানিয়েলা আমোদেই নাসডাকের উদ্বোধনী ঘণ্টা বাজানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র: এপি, ওয়াশিংটন পোস্ট, বিবিসি





