গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
স্থানীয়দের বরাতে গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল লোক বাড়িটিতে আগুন দিয়ে দ্রুত সরে যায়, এতে বাড়ির একাংশ পুড়ে যায়। বৃহস্পতিবার সকালে আবারও বাড়িটিতে হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলার আগেই পরিবারের সদস্যরা অন্যত্র সরে যাওয়ায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মুসাদ্দিক লেখেন, ‘আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।’ তাঁর পরিবারের সদস্যরা নিরাপদে আছেন বলে জানান তিনি।
মুসাদ্দিকের অভিযোগ, সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফারুক খানের নির্দেশে এ হামলা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে তাঁর বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিল বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার নিন্দা জানিয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, মুসাদ্দিকের ফুফুর বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





