Columbus, ০৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে কোম্পানীগঞ্জে শিক্ষকদের সম্মান ও অধিকার নিয়ে আলোচনা কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ মাদক মামলায় দুইজনের নওগাঁয় যাবজ্জীবন কারাদণ্ড চর ফকিরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, আজীবন বহিষ্কার ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ত্রিশিতা মওলা, প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক হিসেবে নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় মৌলভীবাজার জামায়াতের লিফলেট বিতরণ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গায় ইউনিয়নের ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত মহাদেবপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু সড়ক দুর্ঘটনায় আহত নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক জাতীয় শিক্ষক দিবস: শিক্ষক শুধু পাঠদানকারী নন, জাতি গঠনের কারিগর মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সোনাইমুড়ীতে ‘মব’ তৈরির অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার, ১৬৪ ধারায় স্বীকারোক্তি
হোম › বাংলাদেশ › বিশ্ব শিক্ষক দিবসে কোম্পানীগঞ্জে শিক্ষকদের সম্মান ও অধিকার নিয়ে আলোচনা

বিশ্ব শিক্ষক দিবসে কোম্পানীগঞ্জে শিক্ষকদের সম্মান ও অধিকার নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৫ অক্টোবর, ২০২৬ 5
বিশ্ব শিক্ষক দিবসে কোম্পানীগঞ্জে শিক্ষকদের সম্মান ও অধিকার নিয়ে আলোচনা

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি


নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত দায়িত্ব এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে সভায় বক্তব্য দেন উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।


সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান শিক্ষকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, একটি মানুষের জীবন গঠন এবং প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ, সুন্দর, মানবিক ও উন্নত জাতি গঠনে শিক্ষকদের অবদান অতুলনীয়।


তিনি বলেন, শিক্ষকরা ব্যক্তিগত প্রাপ্তির হিসাব না করে জ্ঞান, মেধা ও মূল্যবোধ বিতরণে দায়িত্ব পালন করেন। একজন শিক্ষক যত বেশি শিক্ষাবান্ধব ও দায়িত্বশীল হবেন, শিক্ষার্থীদের ওপর তার ইতিবাচক প্রভাব তত বেশি হবে। দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে এবং তাদের শিক্ষকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।


উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাগত বক্তব্যে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি প্রাচীনকাল থেকে মধ্যযুগ এবং আধুনিক যুগ পর্যন্ত শিক্ষাব্যবস্থার ক্রমবিকাশ ও পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন।


বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা শাখার আমীর মাওলানা মোশারফ হোসাইন বলেন, শিক্ষকদের অন্যতম প্রধান দায়িত্ব হলো শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা। বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, পারস্পরিক সহমর্মিতা, উদারতা ও আন্তরিকতার মতো মানবিক গুণাবলি বিকাশে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফ উল আলম বলেন, সরকারি, বেসরকারি, আধা-সরকারি, এবতেদায়ি, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বিদ্যমান বৈষম্য দূর করে শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন তিনি।


উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নিজাম উদ্দিন শিক্ষকদের দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমকালীন জ্ঞান, বিজ্ঞানমনস্ক চিন্তা ও যুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান।


আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, প্রভাষক, শিক্ষক এবং সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা বক্তব্য দেন।


বক্তারা বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক তৈরিতেও শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।


আলোচনা সভা শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কোম্পানীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।