ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত আবদুল্লাহ
সরকার ঘুষকে "উপহার", চাঁদাবাজিকে "সমঝোতা" এবং ঋণখেলাপিকে "ঋণগ্রস্ত" বলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শব্দের মারপ্যাঁচে বাস্তবতা আড়াল করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের ব্যবস্থাপনা, ব্যবসার পরিবেশ, দুর্নীতি ও জ্বালানি পরিস্থিতির সমালোচনা করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, পোশাকশিল্পের কাঁচামালের প্রায় সবটাই আমদানি করতে হয়। আমদানি থেকে শুরু করে বন্দর, বন্ডেড ওয়্যারহাউস, কারখানা ও রপ্তানি পর্যন্ত বিভিন্ন ধাপে একাধিক সরকারি দপ্তরের অনুমতি নিতে হয়, আর প্রতিটি ধাপেই মালিকদের কথিত "উপহার" দিতে হয়। অথচ শ্রমিকদের মজুরি বাড়ানোর দায় চাপানো হচ্ছে মালিকদের ওপরই।
তিনি বলেন, একজন শ্রমিক পরিবারের মাসিক খাবারের খরচই ১২ থেকে ১৬ হাজার টাকা, অথচ পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার টাকা। খাদ্যপণ্যের উচ্চমূল্য, গ্যাসের দাম বৃদ্ধি ও জ্বালানিসংকট তাঁদের দুর্ভোগ আরও বাড়িয়েছে। শ্রমিকদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না।
আগের বক্তা পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির প্রতি ইঙ্গিত করে হাসনাত বলেন, ক্ষমতায় গেলে জাতীয় মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি; কিন্তু মজুরি বোর্ডের বৈঠকও নিয়মিত হচ্ছে না। হাসনাতের এ অভিযোগের বিষয়ে সরকারের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





