লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা নিয়ে অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা
পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার ঘটনা নিয়ে সরব হয়েছেন যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনীতিকেরা। স্থানীয় সময় সোমবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে এ হামলা হয়।
ঘটনার ভিডিও মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে রাতে লন্ডনের আবাসিক এলাকার সড়কে দুই পক্ষের উত্তেজনা, হাতাহাতি ও মারামারির দৃশ্য দেখা যায়।
অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ মারামারির একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে লেখেন, রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিদের দলগুলো এমন এক রাজনৈতিক বিরোধ নিয়ে মারামারি করছিল, যার সঙ্গে ব্রিটেনের কোনো সম্পর্ক নেই। তিনি দাবি করেন, ব্রিটেনের রাস্তায় সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ে আসা যেকোনো বিদেশি নাগরিককে রিফর্ম ক্ষমতায় এলে বহিষ্কার করবে।
রিফর্ম ইউকের স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফও সংঘর্ষের ভিডিও শেয়ার করেছেন। ডানপন্থী কয়েকজন রাজনীতিক সহিংসতায় জড়িত বিদেশি নাগরিক ও বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি তুলেছেন।
এ ঘটনায় যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, দেশের রাজনৈতিক বিরোধ বিদেশের মাটিতে টেনে আনায় প্রবাসী কমিউনিটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সূত্র: প্রথম আলো, দ্য এক্সপ্রেস
ছবি: সংগৃহীত





