নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন, পরিচালনায় দেনি ভিলনভ
অবশেষে অবসান হলো দীর্ঘ অপেক্ষার। ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনই হচ্ছেন নতুন জেমস বন্ড। ড্যানিয়েল ক্রেগের পর ০০৭ চরিত্রে কে আসছেন, তা নিয়ে কয়েক বছর ধরে চলা জল্পনার ইতি টেনে সোমবার এ ঘোষণা দিয়েছে অ্যামাজন এমজিএম।
প্রথাগত রীতি ভেঙে লন্ডনের কোনো অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন না করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নতুন বন্ডের নাম ঘোষণা করা হয়। নতুন এই বন্ড ছবিটি পরিচালনা করবেন "ডিউন" খ্যাত নির্মাতা দেনি ভিলনভ।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, প্রযোজকেরা প্রাথমিক সংক্ষিপ্ত তালিকা নিয়ে সন্তুষ্ট না হয়ে প্যাটিনসন ও নিকোলাস হাল্টকে বিবেচনায় আনেন। "টোয়াইলাইট", "দ্য ব্যাটম্যান" ও "ডিউন"-এর মতো বড় ফ্র্যাঞ্চাইজিতে সাফল্য প্যাটিনসনকে এগিয়ে রেখেছে।
মার্কিন বিনোদন সাময়িকী ভ্যারাইটিকে ভিলনভ বলেছেন, এই চরিত্রের জন্য তাঁর এমন একজনকে দরকার ছিল, যাঁকে দেখে বিশ্বাস করা যায় যে তিনি একজন খুনি। ছবির নাম, গল্প ও মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, ভ্যারাইটি
ছবি: অ্যামাজন এমজিএম





