সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সার বিতরণে অনিয়ম ও কারসাজি করলে ডিলারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।
যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সার ব্যবস্থাপনাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় যশোর সদর উপজেলার বিসিআইসি, বিএডিসি ও নবনিযুক্ত সার ডিলাররা অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, সারের সংকট বা কৃত্রিম সংকট সৃষ্টির কোনো অপচেষ্টা সহ্য করা হবে না। নতুন বা পুরোনো—যে ডিলারই অনিয়ম করবেন, কাউকে ছাড় দেওয়া হবে না। কৃষকদের চাহিদা পূরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে সব পদক্ষেপ নিতে প্রস্তুত।
তিনি ডিলারদের অতিরিক্ত মুনাফার লোভ পরিহারের আহ্বান জানান এবং কৃষকেরা যেন প্রয়োজনের অতিরিক্ত সার মজুত না করেন, সে বিষয়ে সচেতন করার কথা বলেন।





