প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার সাক্ষাৎ করবে এনসিপি, পরে জামায়াতসহ সব দলের সঙ্গে সংলাপ
আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতার অভিযোগের প্রেক্ষাপটে রাজনৈতিক ঐক্য গড়তে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর প্রথম ধাপে সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।
শনিবার (২১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে এনসিপির প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। এ আমন্ত্রণকে দলটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে।
দলের অবস্থান তুলে ধরে সারোয়ার তুষার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারই জাতীয় ঐক্যের মূল ভিত্তি হওয়া উচিত বলে মনে করে এনসিপি।
দৈনিক আমাদের সময় জানিয়েছে, শুধু এনসিপি নয়, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটসহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে সংলাপে ডাকবেন সরকারপ্রধান। বিএনপির একটি সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, সরকারি দলের সঙ্গে থাকা দলগুলো এবং বামপন্থী দলগুলোকেও আমন্ত্রণ জানানো হবে। প্রধানমন্ত্রী দলগুলোর সঙ্গে একসঙ্গে বা আলাদা আলাদা বৈঠক করতে পারেন।
রাজনৈতিক সূত্রগুলো বলছে, বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে আছেন। তিনি ২৬ নভেম্বর দেশে ফিরবেন। এরপর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতসহ অন্য দলগুলোর সঙ্গে সংলাপ হতে পারে। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
গত বুধবার (১৮ নভেম্বর) সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে একান্ত বৈঠক হয়। এরপর সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী চব্বিশের জুলাইয়ের মতো ঐক্যের ডাক দেন। জামায়াত ও এনসিপি দুই দলই বলছে, ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদ ও গণভোটের রায়ের বাস্তবায়ন। গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে থানায় অগ্নিসংযোগ, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।





