রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়া-যুক্তরাজ্যের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ৩১) ফাঁকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৃথক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ, কৃষি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, তাই এর টেকসই সমাধানও মিয়ানমারেই খুঁজতে হবে। এ লক্ষ্যে তিনি অস্ট্রেলিয়ার জোরালো কূটনৈতিক তৎপরতা কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
জলবায়ু প্রসঙ্গে তারেক রহমান বলেন, উন্নয়নশীল ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অগ্রাধিকার দিতে হবে। তিনি অ্যালবানিজকে জানান, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানো, ২৫ কোটি গাছ লাগানো এবং খাল খননের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। কপ৩১ আলোচনায় অস্ট্রেলিয়ার নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি।
বৈঠকে দুই নেতা একে অপরকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানান। অ্যালবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন।
এদিকে সম্মেলনের ফাঁকে যুক্তরাজ্যের মন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রোহিঙ্গাদের ‘নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা চান। প্রধানমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ বাংলাদেশ প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে, যা অর্থনীতি, সমাজ ও পরিবেশের ওপর বড় চাপ তৈরি করেছে। দীর্ঘ অবস্থান স্থানীয় জীবিকা ও আঞ্চলিক নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেন তিনি। বৈঠকে জলবায়ু অভিযোজন, অভিবাসন ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার নিয়েও আলোচনা হয়।
ফাইল ছবি





