কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে তিনি সম্মেলনস্থলে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
উপ প্রেস সচিব জানান, সম্মেলনে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ অংশ নেবেন। পরে তিনি ‘জিরো ওয়েস্ট’ বিষয়ক একটি গোলটেবিল বৈঠকেও যোগ দেবেন।
সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে। রাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
মঙ্গলবার ঢাকা থেকে আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আনতালিয়ায় পৌঁছানোর পর মঙ্গলবার রাতেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলা এবারের জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করছে তুরস্ক। ‘ভবিষ্যতের কপ, বাস্তবায়নের কপ’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন হচ্ছে ১১ ও ১২ নভেম্বর। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশ এবারের সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের বিষয়টি জোরালোভাবে তুলে ধরছে।
ছবি: সংগৃহীত





