৩ বছরের মধ্যে মহাকাশে যাবে দেশে তৈরি স্যাটেলাইট: প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর করে নয়, দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম লালমনিরহাট সফর।
তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা স্পারসোর নাম শুনেছেন। আমরা অলরেডি কাজে হাত দিয়েছি। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তাঁরা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।’
বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির এই যুগে তরুণেরা যথাযথ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষা, আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধা পেলে বৈশ্বিক উদ্ভাবনে বিপ্লব ঘটাতে পারবে। সহযোগিতা পেলে তরুণেরা আকাশও জয় করতে পারে।
তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের প্রতি আমার এ বিশ্বাস রয়েছে, আপনারাই হতে পারেন বাংলাদেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতের আগামী দিনের পথপ্রদর্শক।’
তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য ঠিক করেছে সরকার। অর্থসংকটে যেন কোনো উদ্ভাবন হারিয়ে না যায়, সে জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রাখা হয়েছে।
এর আগে সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে দিনব্যাপী সফরে লালমনিরহাট পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তিনি আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
ছবি: সংগৃহীত





