গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন
রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় গোপালগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
সন্ধ্যা সোয়া ৭টার পর শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেখা যায়। এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখা যায়নি বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। লঞ্চঘাট এলাকায় জড়ো হয়ে ‘খেলা হবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার পর থানাপাড়া এলাকার পাঁচতলা হাসপাতাল ভবনে হামলা চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে; অনেকে ভর্তি থাকা শিশুদের কোলে নিয়ে দ্রুত হাসপাতাল ছাড়েন।
সংসদ সদস্য কে এম বাবর বলেন, “হাসপাতালে রোগী ছিল অনেক। সেখানে ককটেল বিস্ফোরণ করেছে, ভাঙচুর করেছে, লুটপাট করে নিয়ে গেছে। যুদ্ধের সময়ও তো কেউ হাসপাতালে আক্রমণ করে না। আজকেও সিজার হয়েছে, সেই অবস্থায় হাসপাতালে আক্রমণ করেছে।”
এ ছাড়া জেলার মকসুদপুর উপজেলায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির অন্তত পাঁচটি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়সহ কয়েকটি ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়েও হামলা হয়েছে।
হামলার অভিযোগের বিষয়ে নিষিদ্ধ সংগঠনগুলোর কারও বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





