নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত
নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল বহরে হামলায় দুজন নিহত হয়েছেন। হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে অতর্কিত হামলা হয়।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকে ওত পেতে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক শ নেতাকর্মী শোভাযাত্রায় হামলা চালান। তাঁরা নেতাকর্মীদের মারধরের পাশাপাশি কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
হামলার অভিযোগের বিষয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতীকী ছবি





