বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চেষ্টা জনগণ সহ্য করবে না: শামা ওবায়েদ
বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা বাংলাদেশের জনগণ সহ্য করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে বিএনপি সর্বোচ্চ সহিষ্ণুতার পরিচয় দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সংঘাত নিরসনে বিশেষ আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হত্যা, খুন ও গুমের মামলা বাংলাদেশের আদালতে বিচারাধীন রয়েছে। বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তারা মানবাধিকার লঙ্ঘন করে আন্দোলনরত শিক্ষার্থী ও শিশুদের হত্যা করেছে, যার জবাব তাদের দিতে হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাদের নেতা তাদের ছেড়ে চলে গেছেন; গত দুই বছরে যার চেহারা দেখা যায়নি, কেবল কথা শোনা যাচ্ছে—এআইয়ের যুগে যা আসল না নকল বোঝা কঠিন। উত্তেজিত না হয়ে অতীতের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাইলে সরকারকে সহযোগিতা করে দেশ গড়ার কাজে হাত দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে পোশাকশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকারের সমর্থন রয়েছে। তবে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





