কুমিল্লায় আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপি বাহারের বাড়িতে অগ্নিসংযোগ
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবনের নিচতলায় তাঁর ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে এবং মুনসেফবাড়ি এলাকায় বাহারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময়ের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল করেন। মিছিল চলাকালে উত্তেজিত নেতাকর্মীরা এ অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ উঠেছে।
একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক মিছিল নিয়ে বাহারের বাড়ির সামনে গিয়ে নিচতলার ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন।
অগ্নিসংযোগের অভিযোগের বিষয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





