চীনে পৌঁছালেন ট্রাম্প, বিমানবন্দরে নিজে গিয়ে কোলাকুলি করলেন শি জিনপিং
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনঝেন শহরের বাও’আন আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে নিজেই উপস্থিত হন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দুই নেতা করমর্দন ও কোলাকুলি করেন।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শি জিনপিং সাধারণত বিদেশি নেতাদের বিমানবন্দরে গিয়ে স্বাগত জানান না। একই দিন সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে কমিউনিস্ট পার্টির পঞ্চম শীর্ষ নেতাকে পাঠানো হয়েছিল। চলতি বছরের মে মাসে ট্রাম্প বেইজিং সফরে গেলে তাঁকে স্বাগত জানিয়েছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট।
বিশ্লেষকদের মতে, শির এই বিরল সৌজন্য গত সেপ্টেম্বরে ওয়াশিংটনের কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্পের নিজে গিয়ে শিকে স্বাগত জানানোর প্রতিদান।
ফিলিপাইন সফর শেষে শেনঝেনে পৌঁছান ট্রাম্প। লাল গালিচা, ফুল হাতে কয়েক শ শিল্পীর অভ্যর্থনা, সামরিক উড়োজাহাজের ফ্লাইপাস্ট ও মার্কিন জাতীয় সংগীতের মধ্য দিয়ে তাঁকে বরণ করা হয়। সন্ধ্যায় অ্যাপেক নেতাদের নৈশভোজে শি জিনপিং ট্রাম্পকে নিজের পাশে বসান।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণসহ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট, এনবিসি নিউজ
ছবি: সংগৃহীত





