কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এ সময় সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

মতবিনিময় সভায় গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পাশাপাশি বাস, মিনিবাস, ট্রাক ও পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার উপস্থিত সবার সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এ ছাড়া তিনি ব্যাংক কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দকে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি, ডিআইও-১, ডিএসবিসহ ট্রাফিক পুলিশের প্রশাসনিক কর্মকর্তা, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি: প্রতিনিধি





