আ.লীগের লকডাউন ঘিরে ঢাকায় চেকপোস্ট বেড়ে ছয়গুণ, রাষ্ট্রীয় স্থাপনায় হামলার শঙ্কা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতা ঠেকাতে ঢাকায় তল্লাশিচৌকির (চেকপোস্ট) সংখ্যা সাধারণ সময়ের তুলনায় প্রায় ছয়গুণ বাড়িয়ে ১৭৭টি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন ও গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন জানান, সাধারণ সময়ে রাজধানীতে সর্বোচ্চ ৩০টি চেকপোস্ট থাকে। বর্তমান পরিস্থিতিতে নগরীর প্রবেশ ও বাহির পথ এবং উড়ালসড়কের সংযোগস্থলসহ ১৭৭টি স্থানে তল্লাশিচৌকি বসানো হয়েছে। বুধবার সন্ধ্যা থেকেই আগারগাঁও, তালতলা, মগবাজার, বাড্ডা, রামপুরা ও হাতিরঝিলসহ বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও দূরপাল্লার বাস থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সংশ্লিষ্ট সূত্রের বরাতে দৈনিক ইত্তেফাক জানিয়েছে, নাশকতাকারীরা থানা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পাশাপাশি সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে—এমন গোয়েন্দা তথ্য পেয়েছে পুলিশ। এ কারণে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তল্লাশিচৌকি বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামরুন মুনিরা বলেছেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে কেউ নাশকতা বা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সচেতন থাকবে।
ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, লকডাউন কর্মসূচি ঘিরে ব্লক রেইড, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তাঁর দাবি, আওয়ামী লীগের কর্মসূচির কারণেই রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা বাড়ছে।
ডিএমপির হিসাবে, সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ১০৭টি ককটেল বিস্ফোরণ ও ১৬টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে; এর মধ্যে নভেম্বরের প্রথম ১৬ দিনেই ফাটানো হয়েছে ৭৯টি ককটেল। এসব ঘটনায় ১২৪টি মামলায় ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতায় জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৭১ জনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে ডিএমপি।
নিরাপত্তার কথা ভেবে রাজধানীর কয়েকটি স্কুলে বৃহস্পতিবারের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





