সিরাজগঞ্জে বিএনপি কার্যালয়ে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, বিএনপি বলছে ‘চোরের কারবার’
সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তৈরি ব্যানারটি দুই ব্যক্তি বিএনপি কার্যালয়ের সামনে টানিয়ে দেন।
ঘটনার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন সরকার হিমেল। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাত সাড়ে ৩টার দিকে দুই ব্যক্তি কার্যালয়ের ফটকে ব্যানারটি টানাচ্ছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, রাত ৮টা পর্যন্ত দলীয় কার্যালয়ে সাংগঠনিক কাজ চলেছে। পরে নেতাকর্মীরা বাসায় চলে যান। কার্যালয় দেখাশোনার দায়িত্বে থাকা পিয়ন রাতে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে কেউ চোরের মতো এসে ব্যানার টানিয়ে ভিডিও করেছে।
তিনি বলেন, “রাত সাড়ে ৩টার সময় মানুষ ঘুমায়। এ সময়ে কেউ ব্যানার টানিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে সেটি রাজনীতির মধ্যে পড়ে না। রাজনীতি করতে হলে ময়দানে করতে হবে।”
ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় জেলা বিএনপি চিন্তিত বা বিচলিত নয়। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ; চোর যেমন রাতে চুরি করতে বের হয়, এটিও তেমনই চোরদের কারবার।
ছবি: সংগৃহীত





