ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যের ডাকে সাড়া দেওয়ার আগে ঐক্যের ভিত্তি জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ঐক্যের ডাক দেওয়ার পরও চাঁদাবাজি চললে ভবিষ্যতে বিএনপির সঙ্গে আর বসতে রাজি নন তাঁরা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এনসিপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে ন্যায্য হিস্যা আদায়সহ আট দফা দাবিতে এ কর্মসূচি হয়। এর আগে ভোগড়া বাইপাস মোড় থেকে মিছিল বের হয়ে চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
নাসীরুদ্দীন বলেন, ‘তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন, কিসের ভিত্তিতে ঐক্য তা জানি না আমরা। তবে ঐক্য হতে পারে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, ‘এই ঐক্যের ডাকের পরে আর যদি কোনো চাঁদাবাজি চলে, আমরা চাঁদাবাজদের সঙ্গে ভবিষ্যতে বসতে রাজি নই।’
গাজীপুরের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘দেখে যান, এখানে আমরা আছি, আপনারা নেই। যেখানেই তাঁদের পাওয়া যাবে, সেখানেই বিচারের আওতায় আনতে হবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তাঁর মন্ত্রীদের মুখ বন্ধ রাখার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, ‘বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে ভারতের অখণ্ডতা থাকবে কি না, সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। বাংলাদেশ যদি শান্তিতে থাকতে না পারে, ভারতও শান্তিতে থাকতে পারবে না।’
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে দিল্লিকে আগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। চাঁদাবাজির অভিযোগের বিষয়ে বিএনপির বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





