নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার ২০ কেজি চাল মজুত এবং লাইসেন্স ছাড়া চালকল পরিচালনার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আদালতের নির্দেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (নিয়ন্ত্রণ) আইন, ২০২৩ অনুযায়ী খাদ্য পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলাটি করেন।
জানা গেছে, গত ১৯ নভেম্বর মহাদেবপুর থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি নম্বর ৯৬৭) পরিপ্রেক্ষিতে থানার উপপরিদর্শক মো. শফিউল ইসলাম জিডিটি তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। আদালত অভিযোগকারী খাদ্য পরিদর্শকের জবানবন্দি গ্রহণ করেন এবং জিডিতে উল্লেখিত অভিযোগ ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিবেদন পর্যালোচনা করেন।
পর্যালোচনা শেষে আদালত পর্যবেক্ষণে বলেন, জব্দ করা চাল সরকারি গুদামের না হলেও খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় চাল মজুত রাখা এবং লাইসেন্সবিহীন চালকল পরিচালনার অভিযোগে সংশ্লিষ্ট আইনের ৪, ৬ ও ৭ ধারায় অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরপর খাদ্য পরিদর্শককে এজাহারকারী করে নিয়মিত মামলা রুজুর জন্য মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত। একই সঙ্গে মামলা রুজুর পর এজাহার ও সংশ্লিষ্ট কাগজপত্র ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পাঠাতে বলা হয়।
মামলার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আদালতের নির্দেশনার পর সোহেল রানা বাদী হয়ে শুক্রবার থানায় মামলাটি করেছেন। অভিযোগের বিষয়ে চালকলের মালিকপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: প্রতিনিধি





