যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
বেনাপোল প্রতিনিধি: যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। জব্দ মালামালের মোট মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল মহাসড়কে ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের সুমন হোসেন (২৩) ও সুলতানপুর গ্রামের হেদায়রু রহমান (৩৮)। বিজিবি জানায়, তাঁদের দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া ২৩ গ্রাম রুপা, চারটি মোবাইল ফোন, দুটি হাতঘড়ি ও নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তাঁরা স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযোগের বিষয়ে আটক ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: প্রতিনিধি





