যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর
বেনাপোল প্রতিনিধি: যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। তাঁদের একজনের অবস্থা গুরুতর। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেজপাড়া বিহারী কলোনির ছয়তলা ভবনসংলগ্ন একটি বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫) এবং একই উপজেলার আরমগাছা গ্রামের আকবর (৫৫)। তাঁরা যশোর শহরে বসবাস করতেন। তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকজন শ্রমিক এলাকায় স্তূপ করে রাখা মাটি সরানোর কাজ করছিলেন। একপর্যায়ে কোদালের আঘাত মাটির নিচে পুঁতে রাখা একটি বোমার ওপর লাগলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আব্দুর রাজ্জাক ও আকবর আহত হন। বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত দুজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাটির স্তূপে কীভাবে বিস্ফোরক এল, কারা সেখানে বোমাটি পুঁতে রেখেছিল এবং এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ছবি: প্রতিনিধি





