থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গোপালগঞ্জের সহিংসতায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে দেশে আগুন লাগানোর উসকানি দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামি ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা থানা জ্বালিয়ে দিয়েছে, হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে, সংসদ সদস্যদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট জ্বালিয়ে দিয়েছে; তাদের চিহ্নিত করা হয়েছে।’ তিনি অভিযোগ করেন, এখানে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের সীমান্তের ওপার থেকে ইন্ধন ও আগুন লাগানোর নির্দেশ দেওয়া হচ্ছে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় এবং বিএনপির দুই সংসদ সদস্যের বাড়ি ও এক সংসদ সদস্যের হাসপাতালে অগ্নিসংযোগ করা হয়েছিল। অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।
শিল্পাঞ্চলের পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। কিন্তু কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে; তারা কারা, তা-ও চিহ্নিত করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারা অগ্নিসন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। তাদের পূর্বের ইতিহাস আমরা জানি। এ দেশে তাদের অগ্নিসন্ত্রাসের চেষ্টা কখনো সফল হতে দেব না।’ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আবারও ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল হামিদ মধুপুর পীর সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ। জেলা প্রশাসক ও পুলিশ সুপারও উপস্থিত ছিলেন।
ছবি: সংগৃহীত





