আ.লীগের নাশকতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় জামায়াতের সমাবেশ, ডিসেম্বরজুড়ে কর্মসূচি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামী। এ ছাড়া ডিসেম্বর মাসজুড়ে ধারাবাহিক কর্মসূচি পালনের পরিকল্পনা নিয়েছে দলটি, যার বিস্তারিত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে জানানো হবে।
বুধবার (১৮ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানান। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালনের আহ্বানও জানান তিনি।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার সরকারের সমালোচনা করে বলেন, গণভোটের রায় এবং ৭০ ভাগ মানুষের মতামত অগ্রাহ্য করার কারণে দেশে আজ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে ফ্যাসিবাদবিরোধী জনতা সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে তিনি অভিযোগ করেন, পুলিশের ওপর হামলা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি করছেন। গোপালগঞ্জ ও মাদারীপুরের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের আমলে এসব ঘটনা কাম্য নয়।
পার্শ্ববর্তী দেশের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে তারা প্রথম অপরাধ করেছে, আর এখন তাঁকে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠানোর কথা বলছে, যা অত্যন্ত নিন্দনীয়।
প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। সরকার জনগণের জানমাল রক্ষায় ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বানও জানান গোলাম পরওয়ার।
ছবি: সংগৃহীত





