ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, রাউজানে বিএনপি নেতা বাবাকে দল থেকে অব্যাহতি
ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছেন—এমন অভিযোগ ওঠার পর চট্টগ্রামের রাউজানে বিএনপির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া নেতার নাম মো. সেলিম উদ্দিন। তিনি উপজেলার কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ থেকে ১০ জন কর্মী ব্যানার নিয়ে কয়েক সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করে পালিয়ে যান। ওই মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন সেলিম উদ্দিনের ছেলে সজীব উদ্দিন চৌধুরী।
পুলিশ জানায়, মিছিলের ভিডিও দেখে সজীবকে শনাক্ত করা হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী; সম্প্রতি দেশে ফিরে নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রমে নতুন করে যুক্ত হয়েছেন।
একই দিন রাত সোয়া ১২টার দিকে ওই এলাকায় মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ফাঁকা গুলি ছোড়ে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
এ বিষয়ে সেলিম উদ্দিন বা তাঁর ছেলের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





