৭ ঘণ্টা পর নিভল চকবাজারের গুদামের আগুন, একমাত্র সরু সিঁড়িতে বেগ পেল ফায়ার সার্ভিস
পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিকের গুদামে লাগা আগুন সাত ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১২টা ৪৫ মিনিটে পুরোপুরি নির্বাপণ করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শাহজাহান শিকদার।
ফায়ার সার্ভিস জানায়, সাততলা ভবনটির চতুর্থ তলায় গুদামটির অবস্থান। ভেতরে বিপুল পরিমাণ মালামাল গাদাগাদি করে রাখা ছিল। ভবনে মাত্র একটি সংকীর্ণ সিঁড়ি এবং কোনো বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় ধোঁয়া ও তাপ বের হতে পারছিল না। ফলে আগুন নেভাতে কর্মীদের বেশ বেগ পেতে হয়।
রাতে ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১-এর জোন কমান্ডার মোহাম্মদ এনামুল হক বলেন, ভেন্টিলেশন না থাকায় ভেতরে প্রচণ্ড ধোঁয়া ও তাপ জমে ছিল। পরিস্থিতি বিবেচনায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট আনা হয়। সব মিলিয়ে পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাঁর দাবি, দ্রুত তৎপরতার কারণে আগুন আশপাশে ছড়াতে পারেনি।
আগুন লাগার কারণ সম্পর্কে এনামুল হক বলেন, এখন পর্যন্ত কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি; তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুরান ঢাকার চকবাজার ও আশপাশের এলাকায় আবাসিক ভবনে রাসায়নিক ও প্লাস্টিকের গুদাম নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। ২০১৯ সালে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। এরপর বিভিন্ন সময় গুদাম সরানোর উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ রয়েছে।
ছবি: সংগৃহীত





