ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ, জালিয়াতিতে আইনি ব্যবস্থা
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে খানা (পরিবারভিত্তিক) তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। একই সঙ্গে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি নীতিমালা ২০২৬’ অনুযায়ী উপকারভোগী নির্বাচন, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা অনুমোদনে নির্ধারিত পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিখুঁতভাবে এবং তথ্যের মান অক্ষুণ্ন রেখে খানা তথ্য সংগ্রহ শেষ করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, প্রাথমিকভাবে নির্বাচিত পরিবারগুলোর তালিকা কেন্দ্রীয় সার্ভার থেকে নিয়ে ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ড এবং হাটবাজারসহ জনসমাগমস্থলে প্রকাশ করতে হবে। এরপর ওয়ার্ড সভায় সামাজিক নিরীক্ষার মাধ্যমে তালিকা যাচাই হবে। অনুমোদিত চূড়ান্ত তালিকা সফটওয়্যারে ‘লক’ করে দিতে হবে, যাতে পরে আর কোনো পরিবর্তন করা না যায়। উপজেলা বা শহর কমিটির অনুমোদিত তালিকা থেকে লটারির মাধ্যমে অন্তত ২ থেকে ৫ শতাংশ পরিবার বাছাই করে সরেজমিনে যাচাই করবেন জেলা উপপরিচালক।
অভিযোগ নিষ্পত্তির সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। প্রাপ্ত অভিযোগ ১০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। উপজেলা বা শহর কমিটির সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে ৩০ দিনের মধ্যে জেলা কমিটিতে আপিল করতে পারবেন।
খানা তথ্য সংগ্রহ বা ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো তথ্য সংগ্রহকারী বা সুপারভাইজারের জালিয়াতি কিংবা ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে নীতিমালার ১১.৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা যথাযথভাবে মানার অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
ফাইল ছবি





