বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ
মোহাম্মদ উল্যা
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
কোম্পানীগঞ্জের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর রমনায় সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষকতার পেশার মর্যাদা বৃদ্ধি, চাকরির নিরাপত্তা, ভবিষ্যৎ সুরক্ষা এবং স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণের দাবি তুলে ধরেন শিক্ষক নেতারা।
কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। এর অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকেও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ ও শিক্ষকরা সমাবেশে যোগ দেন।

কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক ও হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ সাদী বাবু এবং মহাসচিব মাওলানা মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা হলে তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হওয়ার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে।
পরে শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে অংশ নেন।