এমএলএসের ইতিহাসে প্রথম, টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন মেসি
টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) গোল্ডেন বুট জিতেছেন লিওনেল মেসি। লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুইবার এ পুরস্কার জয়ের কৃতিত্ব গড়লেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা।
২০২৬ মৌসুমে ২৬ গোল করে গোল্ডেন বুট জিতেছেন মেসি। মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচটিতে গোল না পেলেও দুটি গোলে সরাসরি অবদান রাখেন তিনি। ঘরের মাঠে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মায়ামিকে।
গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। ন্যাশভিল এসসির স্যাম সারিজের গোলসংখ্যা ২১।
গত মৌসুমে মেসি ২৯ গোল করেছিলেন। চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ ৮০ গোল করেছে ইন্টার মায়ামি, যার ২৬টি মেসির। পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১৭টি গোল করিয়েছেন তিনি। অর্থাৎ দলের ৮০ গোলের ৪৩টিতেই সরাসরি অবদান মেসির।
লিওনেল মেসি। ফাইল ছবি





