কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন, গাভী ক্রয়ের চেক ও গাছের চারা বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামর জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, গাভী ক্রয়ের জন্য চেক এবং গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামান।
সভায় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি বোরহান আলী, আন্ধারীঝাড় নারী উন্নয়ন সংস্থার শাহানাজ বেগম এবং পাইকেরছড়া মৎস্যজীবী সমবায় সমিতির জিন্নাত আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন, আইসিটি অফিসার আশরাফুল আলম ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিমসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে গাভী ক্রয়ের জন্য পাঁচজনের মধ্যে মোট পাঁচ লাখ টাকার চেক বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে ২০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।






